ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, আখাউড়া ও কসবা উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর প্রথম কিস্তির ৪৭ লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) নবীনগর ও আখাউড়া ডাকবাংলোয় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে তিন উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের হাতে বরাদ্দের চেক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে নবীনগর, আখাউড়া ও কসবা উপজেলায় মোট ৪৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের বিপরীতে প্রথম কিস্তি হিসেবে মোট ৪৭ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দের মধ্যে নবীনগর উপজেলায় ২০ লাখ ৮২ হাজার টাকা, আখাউড়া উপজেলায় ১৪ লাখ ৯৬ হাজার টাকা এবং কসবা উপজেলায় ১১ লাখ ৯০ হাজার টাকা রয়েছে। সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের মাধ্যমে এসব অর্থ নির্ধারিত উন্নয়নকাজে ব্যয় করা হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অর্থের অপব্যবহার বরদাশত করা হবে না।
তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি কাজের মান বজায় রাখার নির্দেশ দেন। জনগণের অর্থ যথাযথভাবে ব্যবহার করে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সিরাজুল ইসলাম আরও বলেন, জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। স্থানীয় জনগণের সুবিধা ও এলাকার বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও উন্নয়ন প্রকল্প গ্রহণ ও অর্থ বরাদ্দের ধারা অব্যাহত থাকবে।
এদিকে বরাদ্দের অর্থ সরাসরি ও দ্রুত হাতে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা। তাঁরা বলেন, সময়মতো অর্থ বরাদ্দ পাওয়ায় অনুমোদিত প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু ও সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত কাজ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তাঁরা।
নবীনগরের অনুষ্ঠানে জেলা পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী ছানাউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে আখাউড়ার অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খুরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা করছেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিন উপজেলার বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ এর সুফল পাবেন।
আরও পড়ুনঃ কসবায় শিক্ষিকাকে অপহরণচেষ্টা

