ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকা।রোববার দুপুরে মহাসড়কটি দিয়ে যাওয়ার সময় আগুনরাঙা পলাশ দূর থেকেই চোখে পড়ছিল। যত দূর চোখ যায়, শুধু পলাশ আর পলাশ। ফুলটির এমন উপস্থিতিই বলে দেয়, প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের এখন কতটা দাপট চলছে!
মিয়ার বাজার ছাড়াও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় মহাসড়কের বিভাজকে ফুটেছে সারি সারি পলাশ ফুল। এই দুটি এলাকায় প্রায় ছয় কিলোমিটারজুড়ে মহাসড়কের বিভাজকে লাল রং ছড়িয়ে দিয়েছে পলাশ।
মহাসড়কের মিয়ার বাজার ও সুয়াগাজী এলাকা সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দুইমুখী লেনের মাঝখানের বিভাজকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পলাশগাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। ঝরে পড়া ফুলের পাপড়ি ও শুকনা পাতায় বিভাজকের অংশজুড়ে তৈরি হয়েছে প্রাকৃতিক গালিচা। দ্রুতগতির যানবাহনের মধ্যে থেকেও এই দৃশ্য চোখে পড়তেই অনেক যাত্রী মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
মহাসড়কে চলাচলকারী একটি প্রাইভেট কারের চালক মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ পথ গাড়ি চালানোর সময় এমন প্রাকৃতিক দৃশ্য চালকদের মানসিক চাপ কমায়। রাস্তা শুধু কংক্রিট আর ধুলা হলে একঘেয়ে লাগে।

