ভারতীয় ১০ টন জিরাসহ তিনজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১০ টন ২০ কেজি জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী ট্রাকের তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি যথাক্রমে সিলেট ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।

দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানানো হয়।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‌্যাবের সদস্যরা সমন্বিতভাবে অভিযান চালান। অভিযানের সময় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাক থেকে ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে জিরার চালানটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে ট্রাকে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় কোনো নথি দেখাতে পারেননি।

বিজিবির অধিনায়ক আরও জানান, বৈধ কাগজপত্র না থাকায় উদ্ধার করা জিরাগুলো জব্দ করা হয়েছে। একই সঙ্গে চালানটির সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫

Related Posts

About The Author