ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে অকারণে ঘোরাফেরা ও আড্ডা দেওয়ার অভিযোগে ৪২ কিশোরকে আটক করা হয়।
সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন এলাকায় সদর থানা পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় আটক কিশোরদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা বা কোনো অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তাদের বয়স ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়। পরে সবাইকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অপরাধপ্রবণ এলাকাগুলোতে কিশোরদের অযথা ঘোরাফেরা ও আড্ডা দেওয়ার প্রবণতা কমাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে পড়াশোনা কিংবা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি বলেন, বয়স কম থাকলেও দীর্ঘ সময় অপরাধপ্রবণ পরিবেশে আড্ডা দিলে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এ কারণে আটক কিশোরদের অভিভাবকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সতর্ক করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের কার্যক্রম ও কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। ভবিষ্যতে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ কুকুরের কামড়ে ব্রাহ্মণবাড়িয়ায় আহত ৩০

