আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রথমবারের মতো অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিমান বাহিনীসহ তিন বাহিনীর ড্রোনের মাধ্যমে নির্বাচনি এলাকার পরিস্থিতি আকাশ থেকে সরাসরি নজরদারি করা হবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি ও র্যাবের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
ইসির ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা দ্রুত নির্ণয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মনে করছে কমিশন। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। হিজড়া ভোটার : ১ হাজার ২৩২ জন।
পরিকল্পনা অনুযায়ী- বিমান বাহিনী, র্যাব ও বিজিবি তাদের নিজস্ব ড্রোন মোতায়েন করবে। ড্রোনের লাইভ ফিড সরাসরি নির্বাচন কমিশন সচিবালয়ের ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেলে’ পাঠানো হবে। বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড একইসঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়েও প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

