সুদের টাকাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ

বুধবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে আহত কয়েকজন যথাক্রমে সোহরাব মিয়া, উসমান মিয়া, ইমন মিয়া, জুনাইদ মিয়া, গাজী মিয়া, নূরধন মিয়া, আলামিন মিয়া, সুখন মিয়া, জসিম মিয়া, খোকন মিয়া, আরশ মিয়া ও ছোট্ট মিয়া। আহতদের পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলা ও নাসিরনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ মাধ্যমে জানা গেছে , শ্রীঘর গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা মো. আরশ মিয়া উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের এক ইউপি সদস্যকে এক লাখ টাকা ধার দেন। ওই টাকার জিম্মাদার হয় চিতনা গ্রামের নুরধন মিয়া। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না হলে নুরধন মিয়া আসল ও সুদ পরিশোধের দায়িত্বে ছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও টাকা আদায় হয়নি। এ নিয়ে আরশ মিয়া ও নুরধন মিয়ার মধ্যে বিরোধের সৃষ্টি হয়।  

গত মঙ্গলবার রাতে, বাজারে নুরধন মিয়ার কাছে পাওনা টাকা ফেরত চান আরশ মিয়া। টাকা দিতে অস্বীকৃতি জানায় তাদের দুজনের মধ্য বাগ্‌বিতণ্ডার পর হাতাহাতি হয়। স্থানীয়দের মতে উক্ত ঘটনাটি পরদিন সালিশের মাধ্যমে মীমাংসার কথা ছিল। কিন্তু ঊভয় পক্ষ সালিশ না বসে বেলা ১১ টায় দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামানোর চেষ্টা করলে সাচ্ছার পাড় এলাকার সোহরাব মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করে আরশ মিয়ার লোকজন। এতে নতুন করে আরেকটি পক্ষ যুক্ত হলে দুইপক্ষের সংঘর্ষ ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী কয়েক দফা সংঘর্ষে তিন পক্ষের ৫০ জনের বেশি আহত হন।  

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে। বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, শুনছি, সুদের টাকার লেনদেন নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে বহু মানুষ আহত হয়েছে।

Related Posts

About The Author