বিজিবির অভিযান, প্রায় ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী ও শশীদল বিওপির সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালান।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, গরু, আতশবাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল ও টিনা সাবান।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে প্রাপ্ত তথ্য যাচাই করে বিভিন্ন সময়ে সীমান্তে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভারত থেকে অবৈধভাবে পণ্য প্রবেশ, পুশ-ইন, নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং চোরাচালান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বানও জানানো হয়েছে।

Related Posts

About The Author