নিম্নমানের ইট ও বালু দিয়ে কোটি টাকার কাজ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদ হতে বেঙ্গাউতা পর্যন্ত সড়কটি নির্মাণ কাজ করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা। ঠিকাদারি কাজ পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ই স্মার্ট কনস্ট্রাকশন লিঃ। যার স্বত্বাধিকার খাইরুল হাসান।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট, বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। মানসম্মত ইট ও বালু ব্যবহার করতে বলা হলেও ঠিকাদারের লোকজন তা মানছেন না বলে দাবি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুরুতে মাটির কাজ শেষ করার পর সম্প্রতি শুরু হয় বৃষ্টির পানি এবং ভাঙন ঠেকাতে গাইড ওয়ালের কাজ। কিন্তু এতে নিম্নমানের ইট ও ভিটি বালু ব্যবহারের অভিযোগ ওঠে।

এলাকাবাসীর ভাষ্য, এ যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। দীর্ঘদিন ধীরগতিতে চলা এ সড়ক নির্মাণ কাজ হঠাৎ করেই দ্রুতগতিতে শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ঢাকতেই এমন তাড়াহুড়ো করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

নাসিরনগর উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা বলেন, এ রাস্তাটিতে নিম্নমানের ইট ও বালি ব্যবহারের বিষয়টি জানার পর বারবার বাধা দেওয়ার পরও এরা এগুলো ব্যবহার করছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার দেশকে বলেন, উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

About The Author