পবিত্র রমজানের চাঁদ দেখা গিয়েছে মাহে রমজান শুরু

পবিত্র রমজানের চাঁদ দেখা গিয়েছে মাহে রমজান শুরু। সেই সাথে শুরু হলো আত্মপরিশুদ্ধির মাস মাহে রমজান। গতকাল বুধবার দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী এশার পাশাপাশি তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শেষ রাতে সাহরি গ্রহণের মধ্য দিয়ে সিয়াম সাধনা শুরু করেন তারা। এর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।

গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। এতে সভাপতিত্ব করেন নতুন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

পবিত্র আল-কোরআনে মহান আল্লাহ তায়ালা মাহে রমজানে সিয়াম সাধনাকে ‘তাকওয়া অর্জনের জন্য’ ফরজ বা অবশ্য পালনীয় করে বিধান নাজিল করেন। ‘পূর্ববর্তী সম্প্রদায়গুলোর জন্যও একই বিধান ছিল’ বলে আল-কোরআনে উল্লেখ করা হয়। অর্থাৎ রোজা রাখা শুধু কোরআনের বিধান ঘোষিত হওয়ার পর থেকে প্রবর্তিত হয়নি। আত্মশুদ্ধি ও আল্লাহভীতি অর্জনের জন্য পূর্ববর্তী নবী-রাসুলদের উম্মতের জন্যও রোজার বিধান ছিল। পবিত্র রমজানের চাঁদ দেখা গিয়েছে। সুস্বাগতম মাহে রমজান। হিজরি সনের নবম মাস পবিত্র রমজানের শুভ সূচনায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশসহ এশিয়ার বেশিরভাগ দেশের মুসলিমরা রোজা রেখেছেন। অসীম রহমত ও কল্যাণের সওগাত নিয়ে আত্মশুদ্ধি আর আল্লাহর নৈকট্য অর্জনের মাস রমজান আমাদের মধ্যে উপস্থিত।

পবিত্র রমজান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল নিজের ফেসবুকে দেওয়া পোস্টে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রাহমাহ, মাগফিরাহ ও নাজাতের মাস পবিত্র রমাদান আমাদের মাঝে হাজির, আলহামদুলিল্লাহ। বছর ঘুরে পবিত্র রমাদানুল কারিম আমাদের দুয়ারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের এই পবিত্র মাসে কোরআনের শিক্ষাকে রপ্ত করা, ধারণ করা এবং অনুশীলনের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করা ও সমাজকে বরকতময় সমাজে পরিণত করার জন্য সম্মিলিতভাবে আমাদের দেশের মুসলিম জনগোষ্ঠীকে আমল করার তাওফিক দিন।

তিনি বলেন, পবিত্র এই রমাদান আমাদের জীবন থেকে সব গ্লানি, গুনাহখাতা ও সীমা লঙ্ঘনের মানসিকতা মুছে দিক। এই রমাদানে আমরা অসহায়-দুস্থ মানুষের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেই। প্রিয় দেশবাসী ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ পবিত্র রমজান মাসের শুভাগমন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস তাকওয়া, সংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের শুভেচ্ছা জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো বার্তায় তারা নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করুন। খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন।

Related Posts

About The Author