বরাদ্দ নিয়ে কসবায় বিএনপির দুই পক্ষের হাতাহাতি, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের বরাদ্দ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিনাউটি ইউনিয়ন পরিষদে ইজিপিপি প্রকল্পের আওতায় ১০০ দিনের কর্মসূচির জন্য ১২৫ জন শ্রমিকের কাজ করার কথা রয়েছে। প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকবেন সাতজন সুপারভাইজার।

বুধবার দুপুরে প্রকল্পের বরাদ্দ ও কার্যক্রম নিয়ে আলোচনা করতে ইউনিয়ন পরিষদে যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিনাউটি ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন চৌধুরীসহ দলটির কয়েকজন নেতাকর্মী।

পরিষদ ভবনের ভেতরে আলোচনা শেষে তারা বাইরে বেরিয়ে আসেন। পরে পরিষদের সামনে উন্নয়ন কমিটির নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়।

আরও পড়ুনঃ নাসিরনগরে স্কুলে হঠাৎ শিশুর মৃত্যু

এ সময় তিনলাখপীর এলাকার এক কিশোর ওই ঘটনার ভিডিও ধারণ করছিল। তাকে ভিডিওটি মুছে ফেলতে বলা নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি দেখে স্থানীয় এক সিএনজি চালক এলাকায় জানালে পরে ভিডিও ধারণকারী কিশোরের স্বজনরা ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়।

খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিনাউটি ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন অভিযোগ করেন, পরিষদে ইজিপিপি প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা শেষে বের হওয়ার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের ভাগ্নে উজ্জলসহ কয়েকজন তাদের লোকজনের ওপর হামলা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, ‘উন্নয়ন কমিটি’ নামে কিছু কমিটি করা হয়েছে, যাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ও বরাদ্দে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। বুধবার ইজিপিপি প্রকল্পের বরাদ্দ নিয়ে পরিষদের বাইরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে হাতাহাতির ভিডিও ধারণ করায় স্থানীয় এক কিশোরকে আক্রমণ করা হলে স্থানীয়দের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

About The Author